দৈনিক খুলনা
The news is by your side.

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬, আরও প্রাণহানির শঙ্কা

32

স্পেনের তোলেদো অঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬ জন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’। ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জন হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে মোরাসহ ও অর্গাজ শহরের মধ্যবর্তী এলাকায় রেনফে ও ইরিও পরিচালিত দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি খাদের মধ্যে ট্রেনের বগি কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো স্পেনের সংবাদমাধ্যম ‘এল পাইস’কে জানান, সংঘর্ষের সময় যাত্রীরা ট্রেনের ভেতরে ছিটকে পড়েন। প্রথমে তারা ভেবেছিলেন ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে দেখেন, তাদের ট্রেনটি কাত হয়ে আছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তোলেদোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার পর রেল চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। উদ্ধারকাজ ও হতাহতের সংখ্যা নিরূপণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের প্রস্তুতি চলছে।