দৈনিক খুলনা
The news is by your side.

দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

9

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তাঁর দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে স্থানীয়ভাবে পরিচিত তিনি।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিএনপি ও জামায়াত-সমর্থকেরা পৃথক প্রার্থীর পক্ষে অবস্থান নেন। সন্ধ্যায় নির্বাচনের ফল প্রকাশ হলে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন।

এ ফলাফলের পর ক্ষুব্ধ হয়ে জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন ফারুক। তাঁর অভিযোগ, আধুনগর ইউনিয়ন জামায়াতের নেতারা সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিলেও পরে তা রক্ষা করেননি।

এরপর সোমবার রাতেই আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এ সময় আশপাশে থাকা কয়েকজনকে হাততালি দিতে দেখা যায়। পরে গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিওতে ফারুক জামায়াতের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি।’ এ সময় আধুনগর ইউনিয়নের দলীয় দায়িত্বশীলদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ভোট চুরির অভিযোগও তোলেন তিনি।

ফারুক গণমাধ্যমকে বলেন, তিনি জামায়াতের কোনো নেতা বা কর্মী ছিলেন না, তবে দলটিকে সমর্থন করতেন। বর্তমানে আধুনগর ইউনিয়নে দলটির দায়িত্বে থাকা ব্যক্তিদের কর্মকাণ্ড তাঁর পছন্দ না হওয়ায় দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের বলেন, ফারুক তাঁদের একজন সমর্থক ছিলেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। তবে বাজার কমিটির নির্বাচনে জামায়াত বা বিএনপি কোনো প্রার্থীর পক্ষ নেয়নি বলে দাবি করেন তিনি।

আবদুল কাদের আরও বলেন, সভাপতি পদে ফারুকের পছন্দের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই প্রার্থী পরাজিত হওয়ায় ফারুক ক্ষুব্ধ হয়ে আবেগের বশে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

বাজার কমিটির নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া এ বিরোধের পর ফারুকের দুধ দিয়ে গোসলের ঘটনা এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে তাঁর তোলা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।