কয়রা :
সুন্দরবনের নদী-খাল ও জলাশয়ে প্লাস্টিক ও পলিথিনের ক্রমবর্ধমান দূষণ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই দূষণ রোধে প্রতিটি বাড়ি থেকেই প্লাস্টিক বর্জ্য আলাদা করে সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অপসারণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও সরকারি কর্মকর্তারা।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় খুলনার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন এবং দূষণ হ্রাস’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর সহযোগিতায় ‘ইয়ুথ ফর সুন্দরবন, কয়রা’ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বক্তারা বলেন, ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেললে তা নদী ও জলাশয়ের মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করে বনের বাস্তুসংস্থান নষ্ট করছে। তাই বর্জ্য ব্যবস্থাপনার শুরু হতে হবে প্রতিটি ঘর থেকে। পলিথিনের বিকল্প হিসেবে কেনাকাটায় কাপড় ও পাটের ব্যাগ ব্যবহার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনগণ, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের সঞ্চালনায় কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, জনস্বাস্থ্য অফিসার ইস্তিয়াক আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির এবং মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক রিয়াছাদ আলী, কামাল হোসেন ও ফরহাদ হোসেন; রূপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়, এনজিও প্রতিনিধি মিজানুর রহমান, জান্নাতুল ফেরদৌস ও গাজী ফারুখ হোসেন এবং ইয়ুথ সদস্য আমিরুল ইসলাম, খাদিজা সুলতানা ও মুসলিমা খাতুন।