দৈনিক খুলনা
The news is by your side.

স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি: পাশে দাঁড়ালেন এমপি আবুল কালাম আজাদ

36

পাইকগাছা :

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদকে সন্ত্রাসী কর্তৃক মোবাইলে চাঁদাদাবি ও প্রাণনাশের হুমকির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ভুক্তভোগী স্বাস্থ্য কর্মকর্তার পাশে দাঁড়িয়ে তার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সংসদ সদস্য পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি ডাঃ আহসানারা বিনতে আহমেদের সঙ্গে দেখা করেন এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি হুমকিদাতা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ডিআইজি এবং জেলা পুলিশ সুপারকে নির্দেশনা প্রদান করেন।

হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বদা পাশে থাকবেন। স্বাস্থ্যসেবার পরিবেশ স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপরাধমূলক হুমকির কাছে মাথা নত না করার বিষয়ে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বিকেল ৩টার পর আসলাম সিকদার নামের এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে মোটা অংকের অর্থ দাবি করেন। সরকারি কর্মচারী হিসেবে অর্থ দেওয়ার সুযোগ নেই জানালে ওই ব্যক্তি ঔদ্ধত্যপূর্ণ ভাষায় “হয় অর্থ, নয় রক্ত”—এমন হুমকি দেন। পুলিশকে জানানোর কথা বললে ওই ব্যক্তি এসপি-ডিসির কাছে যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রাণনাশের হুমকি দেন, যার ফলে চরম নিরাপত্তাহীনতায় পড়েন ডাঃ আহসানারা।

পরিদর্শন কর্মসূচিতে পাইকগাছা থানার ওসি শেখ আউয়াল কবির, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল এবং জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।