মোংলা :
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা একটি আমগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বন্দরের বিভিন্ন দপ্তরের প্রধান, অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএর এডহক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।
তিনি বলেন, মোংলা বন্দরের সদর দপ্তর, প্রধান সড়ক ও রেললাইনের দুই পাশে, স্থায়ী বন্দর আবাসিক এলাকা এবং খুলনায় অবস্থিত আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে প্রায় এক হাজার ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে রোপণ করা গাছ এবং নতুন করে রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সবার দায়িত্ব। বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হওয়ার পর নিয়মিতভাবে চারা গাছগুলোর অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মোংলা বন্দরের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।