দৈনিক খুলনা
The news is by your side.

শার্শার লক্ষণপুরে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১০০ ফলজ গাছের চারা বিতরণ

22

বেনাপোল :

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজে ১০০টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আক্তারুজ্জামান লিটনের নেতৃত্বে লক্ষণপুর ইউনিয়নকেন্দ্রিক বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এসব ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আক্তারুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, নির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান কবির, মইনুল ইসলাম, জসিম উদ্দিন, মাজেদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আক্তারুজ্জামান লিটন বলেন, ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর আগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান, ক্যান্সার রোগীদের সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং বই বিতরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এরই ধারাবাহিকতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

স্থানীয়রা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি এসব গাছ ভবিষ্যতে স্থানীয় মানুষের জন্য ফলের উৎস হিসেবেও কাজে আসবে।