কুমিল্লা :
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ওমর ফারুক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক ওই গ্রামের দক্ষিণ মোল্লা বাড়ির দিনমজুর মো. সাইফুল ইসলামের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির ভেতর থেকে দৌড়ে পাশের সড়কে চলে যায় ওমর ফারুক। এ সময় চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিহা তাবাসসুম প্রমা জানান, হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত পাওয়া যায়। তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, সড়কে অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।