দৈনিক খুলনা
The news is by your side.

পুলিশের কেউ নিষিদ্ধ রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

17

 

পুলিশের কোনো সদস্য নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রেখে তথ্য আদান-প্রদান বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ-২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মধ্যে কেউ কেউ এখনো নিষিদ্ধ রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন তথ্য দিচ্ছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে। কোনো পুলিশ সদস্য শৃঙ্খলা না মানলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।

তিনি বলেন, পুলিশের জন্য ‘পানিশমেন্ট-রিওয়ার্ড’ ব্যবস্থা চালু থাকবে। যারা ভালো কাজ করবেন এবং প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা কোনো অপরাধে জড়িত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ পালনেও বাধ্য করা হয়েছিল। তবে বর্তমানে তাদের নিজেদের সংশোধন করে নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণ এখন ‘জনগণের পুলিশ’ দেখতে চায়। কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা এমন কর্মকাণ্ড করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। একইভাবে অধস্তন কোনো সদস্যের এমন কর্মকাণ্ডেও অনুমতি বা আশ্রয় দেওয়া যাবে না, যা সমাজে অশান্তি বা অস্বস্তি তৈরি করে।

তিনি বলেন, দায়িত্ব পালনে ভুলত্রুটি থাকলেও কেউ যদি সৎভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেন, তাহলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্ব পালনে ব্যর্থতা কিংবা অপরাধ সংঘটিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ জন্য পুলিশ বাহিনীর জনবল, সরঞ্জাম ও লজিস্টিক সুবিধা বাড়ানোর কথা জানান তিনি।

পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে সাইবার অপরাধ মোকাবিলায় একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এর আগে ১৫ সেপ্টেম্বরও তিনি একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এ ধরনের ইউনিট গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধের ধরন ও পরিধি বাড়ছে। তাই আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত ও অপরাধ দমনের সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাবের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

পুলিশের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, ন্যায়নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেম নিয়ে কাজ করলে পুলিশ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি পুলিশ সদস্যদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার পুলিশকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে এবং কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর পাশাপাশি জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।