দৈনিক খুলনা
The news is by your side.

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তান হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

28

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে হারেছ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় নিজেদের ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মনোয়ারা বেগম ও শিশু সন্তান সোহাগকে ছুরিকাঘাতে হত্যা করেন হারেছ। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় নিহত মনোয়ারা বেগমের ভাই মজিবুর রহমান মজিদ বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ হারেছকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর হারেছ স্ত্রী ও সন্তানকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি হারেছকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হারেছকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।