দৈনিক খুলনা
The news is by your side.

এবার ভারতজুড়ে বিজেপি’র বিক্ষোভ

23
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নয়াদিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি, কলকাতা, জম্মু ও বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতে বিক্ষোভ থেকে খাড়গের পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, রোববার পাটনায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে করা মন্তব্যের জবাবে খাড়গে বলেন, ‘মোদি কা বাপ ভি জায়েগা’।

তার এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়। প্রতিবাদে বিহার ও জম্মুতে বিজেপি কর্মীরা খাড়গের কুশপুত্তলিকা ও পোস্টার পোড়ান।
বেঙ্গালুরুর ফ্রিডম পার্কেও বড় সমাবেশ করে দলটি।এ ঘটনায় কংগ্রেস সভাপতির কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এমন মন্তব্য কোনো সাধারণ কর্মী বা তরুণ নেতা করেননি; করেছেন দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলের জাতীয় সভাপতি। রাজনাথের অভিযোগ, ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশের বদলে কংগ্রেস খাড়গের বক্তব্যকে যুক্তিযুক্ত করার চেষ্টা করছে, যা মানুষের অনুভূতিতে আঘাত করছে।কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীও খাড়গের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেসের নেতারা হতাশা থেকে এমন বক্তব্য দিচ্ছেন এবং এ ধরনের মন্তব্য ভারতের সংস্কৃতির পরিপন্থী। তার দাবি, প্রয়াত ব্যক্তিদের নাম টেনে আনা রাজনৈতিক হতাশারই বহিঃপ্রকাশ।তবে বিজেপির সমালোচনার জবাব দিয়েছেন খাড়গের ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। তিনি বলেন, বিজেপি নেতারা অতীতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের বক্তব্য ভুলে গেছেন। তাদের কাছ থেকে সংস্কৃতি শেখার প্রয়োজন নেই।

অন্যদিকে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সংসদ সদস্য মনোজ ঝা খাড়গের মন্তব্যের সমালোচনা করলেও রাজনৈতিক প্রতিক্রিয়ার দ্বৈত মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, অতীতে বিজেপি নেতারা সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে মন্তব্য করলেও সংবাদমাধ্যম ও অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একই মাত্রার ক্ষোভ দেখা যায়নি।