দৈনিক খুলনা
The news is by your side.

১২০ সপ্তাহে ৬০০ ডিম উৎপাদনের লক্ষ্য নিয়ে খুলনায় নাহার এগ্রো গ্রুপ ও লোহম্যান ব্রিডার্সের টেকনিক্যাল কর্মশালা

35

খুলনা :

পোল্ট্রি শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং লেয়ার খামারিদের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে নাহার এগ্রো গ্রুপ বাংলাদেশ ও জার্মানির লোহম্যান ব্রিডার্সের যৌথ উদ্যোগে খুলনায় বিশেষ প্রযুক্তিগত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

খুলনার ঐতিহ্যবাহী গ্র্যান্ড প্লাসিড হোটেলে দক্ষিণাঞ্চলের খুলনা ও ফরিদপুর অঞ্চলের লেয়ার খামারিদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল—‘১২০ সপ্তাহে ৬০০ ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান টুটুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাহার এগ্রোর পরিচালক মো. আবরার জাওয়াদ রহমান জারিফ, ইন্টার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. খসরুজ্জামান এবং নাহার এগ্রোর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক কৃষিবিদ শফিউল আলম উজ্জ্বল।

কর্মশালায় মূল টেকনিক্যাল বিষয়বস্তু উপস্থাপন করেন নাহার এগ্রো গ্রুপের সিনিয়র এজিএম ডা. মো. সোহেল রানা। এছাড়াও বক্তব্য রাখেন নাহার এগ্রোর উপ-মহাব্যবস্থাপক ড. মামুন, উপ-মহাব্যবস্থাপক ড. মো. মেহেদী হাসান এবং জ্যেষ্ঠ সহকারী মহাব্যবস্থাপক মো. নুরুজ্জামান।

খুলনা অঞ্চলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোল্লা নূর আসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সেমিনারে প্রধান প্রশিক্ষক হিসেবে কারিগরি সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোহম্যান ব্রিডার্সের বিশেষজ্ঞ দল।

কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা, সঠিক পুষ্টি, কার্যকর বায়োসিকিউরিটি এবং সময়মতো রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে পারলে একটি লেয়ার মুরগি থেকে ১২০ সপ্তাহে ৬০০টি ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।

সেমিনারে মুরগির সংক্রামক রোগ প্রতিরোধ, জৈব নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সময়মতো সঠিক ভ্যাকসিন প্রয়োগের আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খামারিদের উৎপাদন খরচ কমিয়ে লাভজনক ও টেকসই খামার ব্যবস্থাপনা গড়ে তোলার বিভিন্ন দিকও তুলে ধরেন বিশেষজ্ঞরা।

নাহার এগ্রো গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে খামারিদের মানসম্মত বাচ্চা, উন্নতমানের ফিড ও প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ করে আসছে। ভবিষ্যতে খামারিদের সুবিধার্থে আরও দ্রুত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে মুরগির ঠোঁট কাটার সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় বক্তারা বলেন, খামারিদের যেকোনো কারিগরি সমস্যা সমাধানে নাহার এগ্রো গ্রুপ সবসময় পাশে থাকবে। আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনার মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও উৎপাদনশীল ও শক্তিশালী করে তোলাই এ ধরনের কর্মশালার অন্যতম লক্ষ্য।