দৈনিক খুলনা
The news is by your side.

ডিসি কাপ ফুটবলের ফাইনালে আশাশুনি, টাইব্রেকারে শ্যামনগরকে হার

37

সাতক্ষীরা :

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে শ্যামনগর উপজেলা দলকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে আশাশুনি উপজেলা দল। আগামী ৩০ আগস্ট সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে মেগা ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলের মুখোমুখি হবে আশাশুনি।

রোববার (২৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আশাশুনি উপজেলা একাদশ ও শ্যামনগর উপজেলা দলের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।

রৌদ্রোজ্জ্বল বিকেলে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ম্যাচের ২৪তম মিনিটে শ্যামনগর উপজেলা দলের বিদেশি খেলোয়াড় গিয়াসের আক্রমণ প্রতিহত করতে গিয়ে আশাশুনি দলের ডিফেন্ডার ফাহিমের মাথায় লেগে বল জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শ্যামনগর।

এর দুই মিনিট পর আবারও শ্যামনগরের আক্রমণ থেকে হৃদয়ের জোরালো শট দুর্দান্তভাবে সেভ করেন আশাশুনির গোলরক্ষক জিকে শান্ত।

তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আশাশুনি উপজেলা দলের বিদেশি খেলোয়াড় বেনজামার গোলে ম্যাচে সমতা ফেরে। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবারও জমে ওঠে ম্যাচ। খেলার ৫৯তম মিনিটে আশাশুনি উপজেলা দলের বিদেশি খেলোয়াড় সামসির দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আশাশুনি।

এরপর ৬৫তম মিনিটে আশাশুনি দলের ১৭ নম্বর জার্সিধারী রাজুর একটি দৃষ্টিনন্দন গোল অফসাইডের কারণে বাতিল হয়।

খেলার ৬৯তম মিনিটে কর্নার কিক থেকে শ্যামনগর দলের বিদেশি খেলোয়াড় গিয়াস গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান। শেষ পর্যন্ত দুই দলের একাধিক আক্রমণেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল তাদের চারটি শটের চারটিতেই গোল করে। অপরদিকে শ্যামনগর উপজেলা দল চারটি শটের মধ্যে দুটি গোল করতে সক্ষম হয়। ফলে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আশাশুনি উপজেলা দল।

ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য আশাশুনি উপজেলা দলের গোলরক্ষক জিকে শান্ত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচজুড়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন। সহকারী রেফারি ছিলেন আবু ওয়াহেদ বাবলু ও ওয়াসিউদ্দীন খান বিপুল। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন নাজমুল এবং ম্যাচ কমিশনার ছিলেন আতাউর রহমান।

আগামী ৩০ আগস্ট রোববার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনালে মুখোমুখি হবে কালিগঞ্জ উপজেলা দল ও আশাশুনি উপজেলা দল

ফাইনালকে ঘিরে এখন থেকেই সাতক্ষীরার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।