বেনাপোল : যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই গোরা চাঁদ দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে বসতপুর গ্রামের বাজারের পশ্চিম পাশে আব্দুল্লাহর মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন— বাগআঁচড়া গ্রামের নুর হোসেন মোল্লার ছেলে সবিনুর মোল্লা (৩৫), মৃত শুকুর আলীর ছেলে পারভেজ হোসেন (২৬), সিরাজ বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (৩০) এবং নুর হোসেন টুটুলের ছেলে হাবিবুর রহমান হাবিব (৩২)। তারা সবাই শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে আটক চার আসামিকে আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।