দৈনিক খুলনা
The news is by your side.

খুলনাবাসী ও নেতাকর্মীদের প্রতি মহানগর ও জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

2

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র খুলনা সফর এবং শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণের মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর ঐতিহাসিক উদ্বোধন অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল করায় খুলনা মহানগর ও জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং খুলনাবাসীর প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রদত্ত যৌথ খবর বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, প্রিয় নেতার খুলনায় আগমন এবং তৃণমূলের ক্রীড়া চর্চাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার এই যুগান্তকারী পদক্ষেপকে ঘিরে খুলনাবাসী যে নজিরবিহীন ভালোবাসা, শৃঙ্খলা ও অভূতপূর্ব উদ্দীপনার পরিচয় দিয়েছেন, তা খুলনার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক সোনালী অধ্যায় হয়ে থাকবে। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ব্যানার-তোরণের কৃত্রিম সাজসজ্জা ভেঙে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং কুদির বটতলা থেকে শুরু করে জেলা স্টেডিয়াম পর্যন্ত পুরো পথজুড়ে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সুশৃঙ্খল অবস্থান প্রিয় নেতা তারেক রহমানের প্রতি খুলনাঞ্চলের মানুষের গভীর আস্থা ও অবিচ্ছেদ্য ভালোবাসারই প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ঐতিহাসিক এই আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন ক্রীড়া সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতিও বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও খুলনার যেকোনো উন্নয়ন, সমৃদ্ধি ও রাজনৈতিক সংস্কৃতি রক্ষায় সাধারণ জনগণকে সাথে নিয়ে এভাবে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, আলি আসগার লবি এমপি, মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।