কেশবপুর :
যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামে ক্রয়কৃত জমির দখল নিয়ে শ্যালকের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মো. ইসমাইল হোসেন খান। শনিবার (১৮ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ইসমাইল হোসেন খান জানান, প্রায় আট বছর আগে তিনি তার শাশুড়ির কাছ থেকে মির্জানগর মৌজায় ৮ শতক জমি বৈধভাবে ক্রয় করেন। চাকরির কারণে দীর্ঘদিন এলাকার বাইরে থাকায় পারিবারিক সম্পর্কের কারণে তার বড় শ্যালক খন্দকার নয়ন কুদ্দুস ওই জমিতে চাষাবাদ করলেও তিনি তখন কোনো আপত্তি জানাননি।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি নিজ এলাকায় স্থায়ীভাবে ফিরে এসে জমির দখল বুঝে নিতে চাইলে খন্দকার নয়ন কুদ্দুস তাকে গালিগালাজ, হুমকি এবং মারধরের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কোনো ফল হয়নি বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগী বলেন, জমিটি আইনগতভাবে তার মালিকানাধীন হলেও তিনি এখনো দখল বুঝে পাচ্ছেন না। এ কারণে কেশবপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও যশোর জেলা প্রশাসনের কাছে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।
এ বিষয়ে অভিযুক্ত খন্দকার নয়ন কুদ্দুসের বক্তব্য পাওয়া যায়নি।