দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী

48

মোংলা :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হবেন না। সবার মতামত নিয়ে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধী যে দলেরই হোক, তার পরিচয় অপরাধী হিসেবেই বিবেচিত হবে এবং তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার বিকেলে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধে সবাইকে সচেতন হতে হবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের পক্ষে কেউ যেন তদবির নিয়ে না আসেন, সে বিষয়েও তিনি সতর্ক করেন।

তিনি বলেন, বাঘ ও হরিণ শিকার কিংবা বিষ প্রয়োগ করে মাছ শিকারের মতো অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকেও ছাড় দেওয়া হবে না।

এ সময় তিনি বলেন, বিএনপি একটি উদারপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে।

উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা আবু তালেব হাওলাদার, শেখ রুস্তুম আলী, নাসির তালুকদার, গোলাম নূর জনি, মৃধা ফারুকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।