বেনাপোল :
ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আনা হয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও সীমান্ত কর্তৃপক্ষ মরদেহগুলো বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে।
দেশে আনা পাঁচজন হলেন—কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের ছেলে শ্বর্ণশীষ দত্ত (৩), আফসানা শারমীনের বাবা আকরাম হোসেন (৬০) এবং ঢাকার সাভারের আহমেদ বাবু (৩৭)।
এর আগে একই ঘটনায় নিহত সাতক্ষীরার কালীগঞ্জের এস এম আলিমুজ্জামানের মরদেহ ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়। অপর নিহত সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহ পরিবারের সম্মতিতে কলকাতাতেই সৎকার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৮ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ নামে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ কয়েকজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত চিকিৎসার প্রয়োজনে স্ত্রী ও সন্তানকে নিয়ে ভারতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে কলকাতায় ফেরার পর তারা ওই হোটেলে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় দেবাশীষ দত্ত, তার স্ত্রী, ছেলে ও শ্বশুর প্রাণ হারান।
দেবাশীষ দত্ত বিভিন্ন গণমাধ্যমে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং স্থানীয়ভাবে সাংবাদিকতায় সক্রিয় ছিলেন।
মরদেহ হস্তান্তরের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ, বেনাপোল পোর্ট থানা পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।