মোংলা:
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর গোপন ব্যালটে ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
রোববার বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সিবিএ কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সোহাগ, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, সিবিএর সাবেক নেতা জামাল উদ্দিন চৌধুরী জাহিদ, মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরউদ্দীন টুটুল এবং বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৫ আগস্ট খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ২৭ আগস্ট আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ৩০ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এরপর ৩১ আগস্ট মনোনয়নপত্র বিক্রি, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ, ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৭ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সবশেষে আগামী ১৫ সেপ্টেম্বর গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. জুলফিকার আলী বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি কর্মচারীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের পাশাপাশি মোংলা বন্দরের কর্মপরিবেশ এবং কর্মচারী সংঘের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর কর্মচারী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে—এ খবরে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।