খুলনা :
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নগরবাসীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে খুলনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় খুলনা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনি মোড় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইস্তির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম মনা বলেন, খুলনায় ডেঙ্গু সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি। নগরবাসীকে ডেঙ্গুর আক্রমণ থেকে সুরক্ষা দিতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে।
শফিকুল আলম মনা আরও বলেন, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে নগরীর প্রতিটি জনবসতিতে পরিচালনা করা প্রয়োজন। তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় খুলনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া ও সদস্য সচিব রায়হান বিন কামাল, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সৌরভ হাওলাদার ও সদস্য সচিব মো. রাকিবুল হাসান রাকিব, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেল্লাল হোসেন সুমন, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সামদানী ও সদস্য সচিব আল আমিন সরদার রতনসহ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের পাঁচটি থানা কমিটির নেতৃবৃন্দ।
উদ্বোধনের পর নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা জানান আয়োজকরা।