দৈনিক খুলনা
The news is by your side.

বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী

32

ঢাকা :
সারা দেশে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় প্রতিকূল আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে কিছু পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।

তিনি জানান, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া ওই বিষয়ের পরীক্ষার দিন শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

শিক্ষামন্ত্রী বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ বিবেচনায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হয়েছে।”

পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ভুল প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্ন প্রণয়নে দায়ীদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি প্রথমপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ত্রুটি হয়েছে, সে কারণে পরীক্ষার্থীদের ওই অংশে পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও জানান তিনি।