মোরেলগঞ্জ :
বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবলীগ নেতার মালিকানাধীন সিগারেট কারখানা থেকে দেড় কোটি টাকা মূল্যের একটি চোরাই সিগারেট তৈরির মেশিন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার-এর উপস্থিতিতে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ভদ্দর-এর মালিকানাধীন ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ-এর তালা ভেঙে মেশিনটি উদ্ধার করা হয়।
জানা গেছে, গ্রীন টোবাকো লিমিটেড-এর মালিক ও বিএনপি নেতা সোমনাথ দে তার কারখানা থেকে সিগারেট তৈরির একটি মেশিন চুরি হওয়ার অভিযোগে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আদালত সার্চ ওয়ারেন্ট জারি এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।
সোমনাথ দে দাবি করেন, জুলাই বিপ্লবের পর তার ব্যবসায়িক অংশীদার বদরুল আলম ভদ্দর গ্রীন টোবাকো থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সিগারেট তৈরির মেশিন সরিয়ে নিয়ে গিয়ে ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজে স্থাপন করেন। প্রায় দুই বছর পর শ্রমিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি আদালতের শরণাপন্ন হন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, অভিযোগকারী সোমনাথ দে উদ্ধার হওয়া মেশিনটি তার বলে শনাক্ত করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী মেশিনটি উদ্ধার করে পুলিশের মাধ্যমে আদালতে জব্দ তালিকাসহ জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নকল ডারবি সিগারেট তৈরির অভিযোগে ব্রিটিশ-আমেরিকা টোব্যাকো কোম্পানি দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর বর্তমানে কারাগারে রয়েছেন।