দৈনিক খুলনা
The news is by your side.

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, নিন্দা ও গ্রেপ্তারের দাবি

36

সাতক্ষীরা :
খুলনায় চার সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ এবং দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক।

নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে খুলনা মহানগরীর জাতিসংঘ পার্ক সংলগ্ন একটি চায়ের দোকানে অবস্থানকালে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা সাংবাদিকদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চরম হুমকি এবং গণমাধ্যমকে ভয়ভীতি প্রদর্শনের পরিকল্পিত অপচেষ্টা।

বিবৃতিতে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস), অর্থ সম্পাদক এসএম বিপ্লব হোসেন (মানবজমিন/পত্রদূত), দপ্তর সম্পাদক এসএম জিন্নাহ (এনটিভি)সহ সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দ।