দৈনিক খুলনা
The news is by your side.

বর্ষা সক্রিয়: সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণের সতর্কতা

107

বর্ষা মৌসুমের সক্রিয় প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

রোববার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এসব আবহাওয়াগত কারণে সারা দেশে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু অঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় আকস্মিক ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি জনগণকে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।