দৈনিক খুলনা
The news is by your side.

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

30

ঢাকা :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর কারণ রয়েছে উল্লেখ করে সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য ও অতুলনীয়।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ আছে। আমি আগেও বলতাম, এখনও বিশ্বাস করি, ওনার জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হতো না। ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে ওনার অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি আমাদের স্বাধীনতার স্থপতি।”

তিনি আরও বলেন, ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর সুস্পষ্ট কমিটমেন্ট ছিল। এর প্রতিফলন ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি।

তবে বঙ্গবন্ধুর দেশ পরিচালনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসিফ নজরুল বলেন, ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা নানা কারণে অত্যন্ত কঠিন ছিল। কিন্তু এর কোনোটিই ১৯৭২ সাল থেকে তাঁর ক্রমশ আরও অত্যাচারী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়াকে ন্যায্যতা দেয় না। তাঁর শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকেও কোনো কিছু দিয়ে আড়াল করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধুর কয়েক বছরের শাসনামলের স্মৃতি মনে রেখেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর জীবনব্যাপী অবদানের জন্য বহু মানুষ তাঁকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। তিনি নিজেকেও তাদের একজন হিসেবে উল্লেখ করেন।

শেখ হাসিনার শাসনামল বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশকে কঠিন করে তুলেছে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার শাসন ছিল ‘আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের একটি নিকৃষ্ট উদাহরণ’। নিজের শাসন চাপিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা তাঁর বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল উল্লেখ করেন, ১৯৭৫ সালের এই দিনে নির্মম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন। তিনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও তাঁর জন্য দোয়া জানান।