দৈনিক খুলনা
The news is by your side.

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘লালা’, সতর্কতা জারি

30

আন্তর্জাতিক ডেস্ক:

এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে উঠেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’। ঝড়টি শনিবার হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে হারিকেনের শক্তি নিয়ে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্রের সৃষ্টি হতে পারে।

ঝড়টি দ্রুত হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসায় রাজ্যটির গভর্নর জোশ গ্রিন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে বিগ আইল্যান্ডসহ পুরো হাওয়াই কাউন্টিতে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে।

ঝড়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৫ মাইল বা প্রায় ১৩৭ কিলোমিটার হতে পারে। এদিকে বিগ আইল্যান্ডের উত্তর-পশ্চিমে অবস্থিত মাউই, মোলোকাই ও কাহুলাওয়েতে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য কয়েকটি দ্বীপেও নিম্নমাত্রার ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, মাউই ও বিগ আইল্যান্ডে সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিগ আইল্যান্ডের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৬৩ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।

ঝড়ের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি ও প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর জোশ গ্রিন। তিনি বলেন, ধ্বংসাবশেষ সরানো, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখা এবং অন্যান্য প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য ও কাউন্টিগুলোর পর্যাপ্ত সম্পদ ও প্রস্তুতি থাকা জরুরি।

হনোলুলুর মেয়র রিক ব্লাঙ্গিয়ার্দি শুক্রবার জানান, ঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় তার প্রশাসন কয়েক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে। তিনি বাসিন্দাদের দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।