ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাটে বৃষ্টির পানি জমে থাকা গোবরের গর্তে পড়ে রাকিব শেখ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার পাইকপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত রাকিব শেখ ফকিরহাট সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রাব্বি শেখের ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আঙিনায় বৃষ্টির পানিতে জমে থাকা গোবরের গর্তে পড়ে যায় শিশু রাকিব। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারিক উদ্দিন জানান, পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, গোবরের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম গর্তে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।