দৈনিক খুলনা
The news is by your side.

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

39

কিশোরগঞ্জ :

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ শিক্ষার সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি ভালো ফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তিরও ব্যবস্থা করা হবে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করেছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারী সমাজকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, মেয়েদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যাতে ভবিষ্যতে তারা দেশের নেতৃত্ব দিতে পারে। ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে উপবৃত্তির ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামগঞ্জের দরিদ্র পরিবারের শিশুদের জন্য প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

নারীদের স্বাবলম্বী করার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চার কোটি পরিবারের মধ্যে যেসব নারী পরিবারের প্রধান ও সংসার পরিচালনা করেন, পর্যায়ক্রমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।