অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাত্র ৩টি টেস্ট ও দ্বিতীয় সিরিজেই অজিদের ঘরের মাঠে এই কীর্তি অর্জন করেছে টাইগাররা।
এশিয়ার দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিততে সবচেয়ে কম ম্যাচ লেগেছে বাংলাদেশ দলের। পাকিস্তানের লেগেছিল ৭ টেস্ট, আর ভারতকে খেলতে হয়েছিল ১২ টেস্ট।
বাংলাদেশের এই অর্জনের মাহাত্ম্য আরও স্পষ্ট হয় শ্রীলঙ্কার পরিসংখ্যানে—অস্ট্রেলিয়ার মাটিতে ১৫টি টেস্ট খেলেও এখনো জয় পায়নি লঙ্কানরা।
এই হারের মধ্য দিয়ে দীর্ঘ ৩১ বছর পর নিজেদের মাটিতে ভারত ছাড়া অন্য কোনো এশীয় দলের কাছে টেস্ট হারল অস্ট্রেলিয়া। সর্বশেষ ১৯৯৫ সালে পাকিস্তানের কাছে ঘরের মাঠে হেরেছিল অজিরা।
এটি ‘সেনা’ দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের সপ্তম টেস্টে দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা।
অস্ট্রেলিয়ার মাটিতে জয়—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে এক নতুন অধ্যায়।