দৈনিক খুলনা
The news is by your side.

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী

24

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসকসহ প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বিভিন্ন খাতের মতো স্বাস্থ্যখাতেও অনিয়ম ও লুটপাট হয়েছে। সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি জানান, স্বাস্থ্যসেবার বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখতে সারা দেশে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে। ইতোমধ্যে সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।

চিকিৎসক ও ওষুধের সংকট কমানোর পাশাপাশি উপজেলা পর্যায়ে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট, আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও পরিবারকল্যাণ কেন্দ্রের সেবার মান বাড়ানো, পর্যাপ্ত ওষুধ-ভ্যাকসিন নিশ্চিত করা এবং শিগগিরই স্বাস্থ্য কার্ড কার্যক্রম চালুর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না।