দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে বদলি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

26

দাকোপ :

খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালার বদলির প্রতিবাদ ও তা পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চালনা-আচাভুয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. কামরুল হোসেন শেখ। কর্মসূচি পরিচালনা করেন মো. হাফিজুল ইসলাম।

জানা গেছে, গত ১ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডা. সুদীপ বালাকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ২০ শয্যাবিশিষ্ট টিয়ারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। এর প্রতিবাদে তার বদলি বাতিল করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনর্বহালের দাবিতে স্থানীয়রা এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মোল্লা, তপন রায়, মুফতি ইকবাল হোসেন, আবুল হাসান, অনুকূল ঠাকুর, প্রশান্ত মন্ডল, আসিফ ইকবাল টিটু, পংকজ বাইন, মিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা ডা. সুদীপ বালার বদলি প্রত্যাহার করে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে স্থানীয় স্বাস্থ্যসেবার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তারা।