দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে দুর্গাপূজার বাজার এখনো জমে ওঠেনি

3

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাজারে এখনো জমে ওঠেনি কেনাকাটা। দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও বাজারে ক্রেতাদের উপস্থিতি কম। ফলে বেচাকেনাও আশানুরূপ হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (৭ অক্টোবর) ফকিরহাট কাপুড়িয়া পট্টি, মা-মনি মার্কেট ও সিনেমা হল মার্কেট ঘুরে দেখা গেছে, বিভিন্ন দোকানে পূজার পোশাক, জুতা, প্রসাধনী, গহনা ও অন্যান্য সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পূজা সামনে রেখে অনেক ব্যবসায়ী এখনো নতুন করে পণ্য তুলছেন। তবে দোকানগুলোতে ক্রেতার ভিড় তেমন দেখা যায়নি।

ব্যবসায়ীরা জানান, সাধারণত দুর্গাপূজার প্রায় দুই সপ্তাহ আগে থেকেই কেনাকাটা জমে ওঠে। কিন্তু এবার সেই সময় পার হয়ে গেলেও বাজারে প্রত্যাশিত ক্রেতার উপস্থিতি নেই। এ পরিস্থিতিতে পূজার বাজার নিয়ে অনেক ব্যবসায়ী হতাশ।

ফকিরহাট বাজারের কাপড় ব্যবসায়ী ও সাগরিকা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী শেখ সিরাজুল ইসলাম বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এর প্রভাব পড়েছে উৎসবের কেনাকাটায়। অনেকেই তাদের উৎসবের বাজেট কাটছাঁট করছেন। তবে মহালয়ার পর থেকে কেনাকাটা বাড়তে পারে বলে আশা করছেন তিনি।

পোস্ট অফিস রোডের কাপড় ব্যবসায়ী নিধির সাহা বলেন, অনেক ক্রেতা শেষ মুহূর্তের ছাড় কিংবা নতুন কালেকশনের আশায় ষষ্ঠী বা সপ্তমী পর্যন্ত কেনাকাটা করেন না। ফলে শেষ সময়ে বাজারে ক্রেতা বাড়তে পারে বলে তিনি আশা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, “রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, অনেকের মাছের ঘেরে ভাইরাসের প্রভাব, পানের দাম কমে যাওয়া এবং সুপারি পুরোপুরি পেকে না ওঠায় মানুষের হাতে টাকা কম। সব মিলিয়ে এবার পূজার বাজার কতটা জমবে, তা নিয়ে শঙ্কা রয়েছে।”

এদিকে ফকিরহাট উপজেলায় এবার ৭০টির বেশি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজাকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সম্প্রতি ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১০ অক্টোবর মহালয়া। ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।