খুলনা জেলা পরিষদের উদ্যোগে নির্মিত চকনগর সুপার মার্কেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় চকনগর মার্কেট চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দেওয়া আস্থার পূর্ণ মর্যাদা দিয়ে আগামী পাঁচ বছরের জন্য নেওয়া সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে। বাংলার মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। সরকার এ অঞ্চলের জন্য বিশেষ যত্নবান। অবহেলিত এ অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশেষ নজর দিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. মোশাররফ হোসেন মফিজ, সাবেক যুগ্ম-আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন এবং ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সর্দার আব্দুল মালেকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মমিনুর রহমান।
চকনগর সুপার মার্কেট নির্মাণের ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের কেনাকাটার সুযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
জেলা পরিষদের উদ্যোগে নির্মিত এ মার্কেটটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।