দৈনিক খুলনা
The news is by your side.

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

111

চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

সোমবার (২২ জুন) র‍্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার নবী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী কোতোয়ালি এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আইয়ুব আলীর বাড়ি সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সমাজ এলাকায়। তিনি চলমান হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর আইয়ুব আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনার সময় এক র‍্যাব সদস্য নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।