ঢাকা :
চলতি বছর দেশে কোনো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, নির্বাচন কমিশন আগামী বছরের শুরুতে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন—স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন আয়োজনের জন্য ইতোমধ্যে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের লক্ষ্য আগামী বছরের ৬ জুনের মধ্যে সারাদেশে এসব নির্বাচন সম্পন্ন করা।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে কোনো ঝুঁকি তৈরি হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, তিনি আপাতত কোনো ঝুঁকি বা সংকট দেখছেন না। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কেন নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, তা তাঁর জানা নেই বলেও জানান তিনি।
মতবিনিময়কালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সারাদেশে স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে ৩৭০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
আগামী বছরের জানুয়ারি থেকে এসব ভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটির আওতায় প্রাথমিকভাবে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপ সফল হলে পরবর্তীতে আরও ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।
এর ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখতে পারবে বলে জানান তিনি।