কূটনৈতিক ও অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আজারবাইজান।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ কূটনৈতিক ও অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির ফলে সংশ্লিষ্ট দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা নির্ধারিত শর্তসাপেক্ষে ভিসা ছাড়াই অপর দেশে ভ্রমণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।