দৈনিক খুলনা
The news is by your side.

ওষুধ শিল্পের বৈপ্লবিক পরিবর্তনে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: উপ-উপাচার্য

খুবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

24

খুলনা বিশ্ববিদ্যালয় :

‘সুস্থতর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ফার্মেসি ডিসিপ্লিনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ফার্মা হেলথ ডেস্ক, ফার্মা ডিবেট, ফার্মা অলিম্পিয়াড ও উইটি ডিবেটসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে তিন শতাধিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে এবং দেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ওষুধ শিল্পের এই বৈপ্লবিক পরিবর্তনে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যুগান্তকারী অনেক আবিষ্কার ফার্মাসিস্টদের হাত ধরে এসেছে, যা স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও কার্যকর করেছে।

উপ-উপাচার্য আরও বলেন, জীবন রক্ষাকারী ওষুধ আবিষ্কার এবং এর সঠিক মাত্রা নির্ধারণেও ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তরুণ ফার্মাসিস্টদের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়া হলে তারাও দক্ষতার সঙ্গে নিজেদের বিকশিত করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, স্বাস্থ্যখাত যদি একটি যুদ্ধক্ষেত্র হয়, তাহলে ফার্মাসিস্টরা সেই যুদ্ধের যোদ্ধা। ফার্মাসিস্ট ছাড়া আধুনিক স্বাস্থ্যসেবা কল্পনা করা যায় না। স্বাস্থ্যসেবার উন্নয়নে কোনো একটি পক্ষের একক প্রচেষ্টার পরিবর্তে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি বলেন, ফার্মেসি শিল্প একটি জ্ঞানভিত্তিক শিল্প। এ শিল্পকে আরও সুসংগঠিত ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সহনীয় করতে হবে।

ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. সমীর কুমার সাধু ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান।

গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য দেন এসএমসি এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মো. আক্তারুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ফার্মেসি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গাজী মো. মনজুর মুরশিদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ২১ ব্যাচের নাঈমুর রহমান ও ২৩ ব্যাচের রাহাত বিন আলিফুন।

পরে ফার্মা ডিবেট, ফার্মা অলিম্পিয়াড ও উইটি ডিবেট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন। পরে তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দিনব্যাপী এসব কর্মসূচিতে ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।