দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা

26

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে ‘একসঙ্গে আরও শক্তিশালী—জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট ও গাইনি বিশেষজ্ঞ ডা. সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. প্রান্ত সরকার, ডা. নয়ন কুমার সরকার ও ডা. তানভীর আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল। এ সময় নার্স সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার ও পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, “আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের উপজেলাতেও দিবসটি যথাযথভাবে পালিত হচ্ছে।”

তিনি বলেন, জলাতঙ্ক একটি অত্যন্ত মারাত্মক ও প্রাণঘাতী রোগ। তবে সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ ও সতর্কতার মাধ্যমে এ রোগ শতভাগ প্রতিরোধ করা সম্ভব।

ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, আক্রান্ত কুকুর, বিড়াল, শিয়াল, বেজি বা বানরের কামড় কিংবা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে জলাতঙ্কের জীবাণু ছড়াতে পারে। শরীরে জীবাণু প্রবেশের পর রোগের উপসর্গ দেখা দিলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে ওঠে। তাই জলাতঙ্ক নিয়ে অবহেলা বা কুসংস্কারের কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় টিকা ও চিকিৎসাসেবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের ঘটনা ঘটলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে এসে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার জন্য তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।