দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

3

বাগেরহাট :

অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাই এবং তথ্য অধিকার চর্চার ওপর গুরুত্বারোপ করে বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তথ্যের সঠিকতা যাচাই, অপতথ্য ও গুজব প্রতিরোধ এবং তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এবারের দিবসের প্রতিপাদ্য—“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”।

উদয়ন-বাংলাদেশ ও উই ক্যান যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উদয়ন-বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন বীথি। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য ছড়িয়ে পড়ছে। এর মধ্যে অনেক তথ্যের সত্যতা যাচাই করা থাকে না। ফলে গুজব, ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি, পরিবার ও সমাজে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। তাই কোনো তথ্য পাওয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে এর উৎস ও সত্যতা যাচাইয়ের বিষয়ে নাগরিকদের সচেতন হওয়া প্রয়োজন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. মঈনুল ইসলাম বলেন, তথ্য মানুষের গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার। রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণ, সরকারি সেবা গ্রহণ এবং অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করে। একই সঙ্গে তথ্যের স্বচ্ছতা ও সহজপ্রাপ্যতা সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা বাড়াতে ভূমিকা রাখে।

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান ও ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে নারী, শিক্ষার্থী, তরুণ, প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে তথ্য অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দেওয়া জরুরি। সরকারি বিভিন্ন সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, উন্নয়ন প্রকল্প ও নাগরিক সুবিধা সম্পর্কে তথ্য জানার সুযোগ থাকলে মানুষ তাদের প্রাপ্য সেবা সম্পর্কে আরও সচেতন হতে পারেন।

অনুষ্ঠানে তথ্য অধিকার ব্যবহারের বিভিন্ন দিক, তথ্য চাওয়ার পদ্ধতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে তথ্য পাওয়ার সুযোগ এবং তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে দায়িত্বশীলভাবে তথ্য ব্যবহারের আহ্বান জানানো হয়।

এ সময় নাগরিক কমিটির সদস্যরা বলেন, ডিজিটাল যুগে তথ্য শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি নাগরিক ক্ষমতায়নেরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করা গেলে নাগরিকদের অংশগ্রহণ বাড়বে এবং সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জবাবদিহিতা দাবি করার সুযোগ আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও নারী নেত্রী নাদিরা আকরাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা নাগরিক কমিটির সদস্য সাংবাদিক এস এম রাজ এবং প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মোল্লা আব্দুর রব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কীনোট পেপার উপস্থাপন করেন উপজেলা নাগরিক কমিটির সদস্য ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের নির্বাহী প্রধান গোপী নাথ সাহা। এ সময় ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম এবং কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনিরসহ বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি তথ্যের উৎস যাচাই করে তা ব্যবহারের সংস্কৃতি গড়ে উঠবে এবং “তথ্য জানুন, তথ্য যাচাই করুন, অধিকার প্রতিষ্ঠা করুন”—এই বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাগরিক প্রকল্পের প্রজেক্ট ফিল্ড অফিসার সুশান্ত মল্লিক।