দৈনিক খুলনা
The news is by your side.

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

34

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে দেশের তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি ও নিজস্ব সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রযুক্তির অগ্রযাত্রায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ পিছিয়ে থাকবে, পিছিয়ে পড়বে তরুণ সমাজও। বর্তমান বিশ্বে প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। তরুণদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, আধুনিক প্রযুক্তি ও যথাযথ সহযোগিতা দিতে পারলে তারা বিশ্বপর্যায়ে উদ্ভাবনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। সঠিক পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণরা আকাশও জয় করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে এভিয়েশন ও মহাকাশ প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হলে নতুন নতুন উদ্ভাবনে মনোযোগ দিতে হবে। শুধু অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের সক্ষমতা তৈরি করে বিশ্বে প্রতিযোগিতা করতে হবে। এ ক্ষেত্রে তরুণদের গবেষণা, বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে চায়।

নতুন নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

প্রসঙ্গত, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় উড়োজাহাজ ও মহাকাশ প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিচ্ছেন তরুণ শিক্ষার্থীরা। ফিক্সড-উইং ড্রোন, মাল্টিরোটর ড্রোন, মহাকাশ রোবটিকস ও রোবটিক ফুটবলসহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে তরুণদের বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।