দৈনিক খুলনা
The news is by your side.

শ্যামনগরে সাংবাদিককে অপহরণের চেষ্টা

39

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিক বিলাল হোসেনকে বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। তবে, স্থানীয়দের বাঁধার মুখে ব্যর্থ হন তারা। এসময় ওই সাংবাদিক বাড়ির পাশের ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পান।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।

সাংবাদিক বিলাল হোসেন দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল এর শ্যামনগর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।  তিনি স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি।

বিলাল হোসেন জানান, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তাঁর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। ঘুম থেকে উঠে বাইরে এলে তাঁকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা সড়কে অপেক্ষা করছেন। এসময় তিনি ও তার বাবা আক্তার মল্লিক বাইরে বের হন এবং সড়কে গিয়ে দেখেন ওই তিন নেতা ছাড়াও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, সাবেক জাসাস নেতা আবু মুসা কাজল, জাসাস নেতা রায়হানুল ইসলাম, যুবদল নেতা মমিনুর রহমান মমিন ও আব্দুল্লাহসহ আরও কয়েকজন দাড়িয়ে আছেন।

তাঁর অভিযোগ, সড়কে পৌঁছানোর পর তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে উঠতে বলা হয়। তিনি উঠতে না চাইলে তাঁকে মারধর করা হয়। এসময় তিনি চিৎকার দিলে  লোকজন এগিয়ে আসেন এবং তাদের হাত থেকে তাকে ছাড়িয়ে নেন। এসময় তিনি ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চান এবং পাশের একটি ঘেরে পালিয়ে জীবনে রক্ষা পান।

পরে তাকে না পেয়ে তাঁর বাড়িতে আবার হামলা চালানো হয়। এতে তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হন। বেশ কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে এবং তাঁর বৃদ্ধ বাবাকে তারা পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বলেন, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন।

তাঁদের দাবি, বুধবার রাতে রমজাননগরের ভেটখালী এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আব্দুল কাদের নামে এক সৈনিক লীগ নেতার মোবাইল ফোন পরীক্ষা করে আওয়ামী লীগের কয়েকটি টেলিগ্রাম গ্রুপে বিলাল হোসেনসহ স্থানীয় কয়েকজনকে যুক্ত দেখা যায়। ওই গ্রুপে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বৈঠক নিয়েও আলোচনা হয়েছিল বলে তাঁরা দাবি করেন।

এই দুই নেতা বলেন, এ কারণে বিলালকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করতে তাঁর বাড়িতে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি ফেসবুক লাইভে এসে জনমত তৈরির উদ্দেশ্যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেন। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিলাল পালিয়ে যান। তাঁদের দাবি, সে সময় বিলালের বাবা পুলিশের সামনেই পুলিশের গাড়িতে হামলা করেন এবং তাঁর পরিবারের সদস্যরা নেতা-কর্মীদের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। তখন পুলিশ তাঁর বাবাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর ব্যবহৃত সরকারি মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

এদিকে, এ ঘটনায় সাংবাদিক বিলাল হোসেন ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে এবং স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।