দৈনিক খুলনা
The news is by your side.

মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

28

রাত তখন প্রায় পৌনে তিনটা। রাজধানীর উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসার সামনে পুলিশ। এর আগেই ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। দাবি করেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। পুলিশকে অনুরোধ করেন, তাঁর হাতে যেন হাতকড়া পরানো না হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তাঁকে বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান জানান, দিবাগত রাত পৌনে তিনটার দিকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি এই পুলিশ কর্মকর্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভ
পুলিশ বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। সেখানে তাঁকে কান্নাকাটি করতে দেখা যায়। বাসার দরজার সামনেও কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন।
লাইভে অভিনেত্রী দাবি করেন, পুলিশ কেন তাঁর বাসায় এসেছে কিংবা তাঁকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’
লাইভের শেষ দিকে মা-বাবাকে আশ্বস্ত করার চেষ্টা করেন অভিনেত্রী। বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।’

‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্ক
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

তবে সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী। তাঁর দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয়। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও খবর সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন জ্যোতি।

 

শিল্পকলা একাডেমি থেকেও অব্যাহতি
‘আলো আসবেই’ বিতর্কের পর পেশাগত জীবনেও জটিলতার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছুদিন কর্মস্থলে যাননি জ্যোতি। পরে ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে গেলে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন। তাঁরা ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে তাঁর বিরোধিতা করেন। একপর্যায়ে তাঁকে কর্মস্থল ছেড়ে যেতে হয়।
ওই বছরের ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে। ফেসবুকে প্রজ্ঞাপনের ছবি প্রকাশ করে জ্যোতি জানান, এর মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি চাকরির অবসান ঘটল।

 

২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। এই অভিযোগের সঙ্গে তাঁর বর্তমান গ্রেপ্তারের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।