দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনে বাঘের আক্রমণে আহতদের মাঝে ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

2

সাতক্ষীরা প্রতিনিধি:

বুধবার সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে বাঘের আক্রমণে আহত ভুক্তভোগীদের মাঝে সরকারের ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী আর্থিক সহায়তা হিসেবে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক জনাব মো. ইমরান আহমেদ, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান এবং সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর রহমান।

অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তারা বলেন, সুন্দরবনসংলগ্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ঝুঁকি কমানো এবং বন্যপ্রাণীর আক্রমণে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং সরকারি বিধিমালা অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান এ কার্যক্রমেরই অংশ।

তারা আরও বলেন, লোকালয়ে বাঘের প্রবেশ ও মানুষ-বাঘের সংঘাত প্রতিরোধে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং স্থাপন এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এর মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি বনসংলগ্ন এলাকার মানুষের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এ সময় বন বিভাগের পক্ষ থেকে সুন্দরবন ও বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাঘসহ বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ-বাঘের নিরাপদ সহাবস্থান প্রতিষ্ঠায় গণমাধ্যমের ইতিবাচক, দায়িত্বশীল ও সচেতনতামূলক ভূমিকার প্রশংসা করা হয়।

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, সরকারি সহায়তা, বন বিভাগের কার্যকর উদ্যোগ এবং স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাত কমিয়ে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় রক্ষা পাক সুন্দরবন, নিরাপদ হোক বনসংলগ্ন মানুষের জীবন।
সবাই বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করি, সুন্দরবন রক্ষা করি।