দৈনিক খুলনা
The news is by your side.

লাহোরে হচ্ছে না দ্বিতীয় টেস্ট; বায়ুদূষণে ভেন্যু বদল

7

লাহোরের ভয়াবহ বায়ুদূষণ ও মৌসুমি ধোঁয়াশার কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ম্যাচটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। বর্তমানে সিরিজের প্রথম টেস্টও চলছে এই ভেন্যুতে। পিসিবি এক বিবৃতিতে ভেন্যু পরিবর্তনের কারণ হিসেবে ‘বিদ্যমান আবহাওয়াগত পরিস্থিতির’ কথা জানিয়েছে।

নভেম্বরের শুরু থেকেই ভয়াবহ ধোঁয়াশায় ঢেকে আছে লাহোর। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুদূষণের প্রকোপ দেখা যায়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর লাহোর ছিল বিশ্বের সবচেয়ে দূষিত শহর। গত এক সপ্তাহে বায়ুদূষণের তালিকায় শীর্ষস্থান নিয়ে দিল্লির সঙ্গে লাহোরের পালাবদল হয়েছে।

ধোঁয়াশার কারণে লাহোরে ম্যাচ সম্প্রচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন সম্প্রচারকর্মীরা। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বায়ুর মানের অবনতি ঘটতে থাকায় দ্বিতীয় টেস্টের জন্য সম্প্রচারকর্মীদের লাহোরে ভ্রমণের প্রস্তুতি না নিতে বলা হয়েছিল। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পিসিবি।

এই সিদ্ধান্তের ফলে লাহোরে ক্রিকেট মৌসুম সম্প্রসারণের পিসিবির পরিকল্পনাও ধাক্কা খেল। দ্বিতীয় টেস্টটি গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলে ২০০৭ সালের পর প্রথমবারের মতো ১ নভেম্বরের পর শহরটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হতো।

এর আগেও মৌসুমি বায়ুদূষণের কারণে পাকিস্তানে ক্রিকেট ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে হয়েছে। ২০২০ সালের নভেম্বরে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সাদা বলের সিরিজ লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টও মুলতান থেকে করাচিতে স্থানান্তর করা হয়।