দৈনিক খুলনা
The news is by your side.

দীপাবলি উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

26

শার্শা : 

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি ও কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ সোমবার (৯ নভেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং পাসপোর্টযাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা দীপাবলি উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি চিঠির মাধ্যমে আগেই অবহিত করেছেন। একইভাবে ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান এবং স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীদের যাতায়াতে কোনো বাধা নেই। এছাড়া ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত পাঠানোর জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে।

উল্লেখ্য, দেশের আমদানিকৃত পণ্যের প্রায় ৯০ শতাংশই আসে বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন গড় ৩শ থেকে সাড়ে ৩শ ট্রাক পণ্য আমদানি এবং প্রায় ১০০ ট্রাক পণ্য রপ্তানি হয়। ফলে আমদানি-রপ্তানি বন্ধ থাকলে বাজার এবং শিল্পকারখানার কাঁচামালের সরবরাহে প্রভাব পড়ে। বিশেষ করে পচনশীল পণ্য ও গার্মেন্টস সামগ্রীর ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হন।

বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি প্রতিদিন গড়ে দেড় হাজার পাসপোর্টধারী যাত্রী এই পথে যাতায়াত করেন। এই বন্দরের মাধ্যমে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা রাজস্ব প্রাপ্ত হয়। এর আগে দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।