দৈনিক খুলনা
The news is by your side.

বাবার সম্পত্তিতে লোভ, দায়িত্ব পালনে অনীহা: হাসপাতালে খোকনকে ‘ছিনিয়ে নেওয়ার’ অভিযোগ ফুফুদের

38

খুলনা :

খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামারের আল মামুনুর রশিদ খোকনের (৫৫) জীবদ্দশাতেই শুরু হয়েছে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির ভাগাভাগির হিসাব। অভিযোগ উঠেছে, বাবার প্রতি দায়িত্ব পালনের অনীহা থাকলেও সম্পত্তির প্রতি প্রবল আগ্রহ দেখাচ্ছেন তার সন্তানরা। সম্প্রতি অসুস্থ বাবাকে হাসপাতাল থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন খোকনের বোনরা।

পরিবারের সদস্যদের দাবি, বছরের পর বছর বাবার অসুস্থতা বা মানসিক কষ্টের খোঁজ নেননি তার সন্তানরা। তবে সম্প্রতি খোকনের বোনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে নাটকীয় মোড় নেয় ঘটনাটি।

শনিবার (৭ নভেম্বর) খোকনের বোন নাসরিন আক্তার খুকু জানান, গত তিন তারিখ খবর পান তার মেজ ভাই খোকন বারান্দায় অচেতন অবস্থায় পড়ে আছেন। সন্তানদের দ্বারা তিনি অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন খুকু। এই ঘটনায় ৪ নভেম্বর খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং ৫ নভেম্বর তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুকু আরও অভিযোগ করেন, ৫ নভেম্বর রাতে ২০-২৫ জনের একটি দল এসে হাসপাতাল থেকে খোকনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের সহায়তায় সন্তানরা তাকে নিয়ে যান।

অন্য এক বোন সালমা জানান, খোকন একজন স্ট্রোক রোগী এবং তিনি কথা বলতে বা চলাফেরা করতে পারেন না। তার দাবি, সন্তানরা জোর করে খোকনের স্বাক্ষর নিয়ে বিভিন্ন সম্পত্তি দখল করছে। হাসপাতালে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধরের শিকার হতে হয়। তারা প্রশাসনের কাছে খোকনের নিরাপত্তা ও যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন খোকনের ছোট মেয়ে সুমনা। তিনি জানান, তাদের বাবা নিজ ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন এবং পরে খোঁজ পেয়ে তারা তাকে বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে এসেছেন। কাউকে মারধরের অভিযোগ তিনি অস্বীকার করেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে স্ত্রী রেহেনার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় খোকনের। এরপর স্ত্রী সন্তানদের নিয়ে চলে যান। দীর্ঘ সময় খোকনের দেখাশোনা করেছেন তার বোন হাসিনা খাতুন। সম্প্রতি ব্রেন স্ট্রোকের পর খোকন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। বোনদের অভিযোগ, এই সুযোগে গত ২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে মেয়ে সুমনা তাকে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে নিয়ে যান। এই বিষয়ে সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসিনা খাতুন।