দৈনিক খুলনা
The news is by your side.

বিভেদ ভুলে দেশ ও ফিশারিজ সেক্টরের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ ফ্যাব সভাপতির

36

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফ্যাবের শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবীদের সংগঠন ‘ফিশারিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব)’।

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ফ্যাবের সভাপতি মো. মশিউর রহমান এবং মহাসচিব মো. গিয়াস উদ্দিন জসিমসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফ্যাবের নির্বাহী পরিষদের সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষকবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও এনজিওতে কর্মরত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ফিশারিজ পেশাজীবীরা।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্য রাখেন ফ্যাবের মহাসচিব মো. গিয়াস উদ্দিন জসিম, ফ্যাবের নির্বাহী পরিষদের সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং সংগঠনের সভাপতি মো. মশিউর রহমান।

সভাপতির বক্তব্যে মো. মশিউর রহমান বলেন, “আর কোনো বিভেদ নয়, সব বিভেদ ভুলে গিয়ে দেশ, দেশের জনগণ, জাতি এবং ফিশারিজ সেক্টরের সার্বিক উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং দেশের মৎস্য ও ফিশারিজ খাতের উন্নয়নে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার শপথ নিতে হবে।”

তিনি আরও বলেন, ফিশারিজ পেশাজীবীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও পেশাগত সংহতি সুদৃঢ় করার মাধ্যমে দেশের মৎস্যসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও সমৃদ্ধ করতে ফ্যাব কাজ করে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দেশ, জাতি ও ফিশারিজ সেক্টরের বৃহত্তর স্বার্থে সকল মতপার্থক্য ও বিভেদ ভুলে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি এবং সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‘আর বিভেদ নয়, ঐক্যই হোক আগামীর পথচলা’ এই প্রত্যয়কে সামনে রেখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফ্যাবের এ কর্মসূচি ঐক্যবদ্ধ পেশাজীবী সমাজ গঠনের আহ্বান জানায়।