সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ছাড় নয়; কৃষি অধিদপ্তরের মহাপরিচালক
খুলনায় উদ্ভাবন, সেবা সহজীকরণ ও চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তবে একই সঙ্গে উৎপাদন খরচও বেড়েছে। তাই কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমানো, আমদানিনির্ভরতা হ্রাস এবং কৃষি যান্ত্রিকীকরণে গুরুত্ব দিতে হবে। কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থাও জোরদার করতে হবে।
সোমবার সকালে খুলনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের মিলনায়তনে ‘উদ্ভাবন, সেবা সহজীকরণ এবং চতুর্থ শিল্পবিপ্লব সংশ্লিষ্ট প্রযুক্তি ও সম্ভাব্য চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক (ঢাকা, খামারবাড়ি) মোঃ আব্দুর রহিম।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষি উৎপাদন বেড়েছে। কৃষিতে ড্রোনের ব্যবহারও বাড়ছে। তবে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খরচ বেড়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কৃষির উৎপাদন ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। কৃষি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে তিনি জানান, কৃষি কার্ডের জন্য ৪০ থেকে ৪৫ ধরনের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সারাদেশে ২ কোটি ৪০ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে ২৪ লাখ ১৪ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, একজন মানুষ গড়ে প্রতিদিন ২২২ গ্রাম খাদ্য নষ্ট করেন। খাদ্যের অপচয় রোধেও সবাইকে সচেতন হতে হবে। কৃষির উন্নয়নে যান্ত্রিকীকরণের বিকল্প নেই। পাশাপাশি কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে হবে।
পেঁয়াজ উৎপাদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে প্রতিবছর প্রায় ৪৯ থেকে ৫০ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়। কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমাতে উৎপাদন আরও বাড়ানোর উদ্যোগ নিতে হবে। খুলনা ও বরিশাল অঞ্চলে সূর্যমুখী চাষ সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সারের বিষয়ে তিনি বলেন, দেশে বছরে সারের চাহিদা ৫৮ লাখ মেট্রিক টন। বিপরীতে বরাদ্দ রয়েছে ৬২ লাখ মেট্রিক টন। সার ব্যবস্থাপনায় সরকারের অবস্থান জিরো টলারেন্স। সারের সুষ্ঠু বিতরণ ও বিপণন নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। ডিলার পয়েন্টে কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে সার বিক্রি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, কৃষি খাতে অনিয়ম ও পণ্যের গুণগত মানের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্বচ্ছতা ও সততার জায়গা অটুট রাখতে হবে। কৃষির উন্নয়নে পরিকল্পিতভাবে নতুন কৃষি জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে উত্তরাঞ্চলে কৃষি জোন তৈরির বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান এবং উপপরিচালক (প্রশাসন) মোঃ মুরাদুল হাসান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আরিফ মোহাম্মদ মোজাক্কের এবং কর্মশালা সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম।
কর্মশালায় কৃষিতে উদ্ভাবনী উদ্যোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেবা সহজীকরণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা, দলীয় কাজ উপস্থাপন করা হয়।