দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

38

ফকিরহাট :

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্ত, মৎস্যজীবীদের সাঁতার প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সরকারি পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাবেক আহ্বায়ক ফকির শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহাম্মদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শহীদুল খান ও মৎস্য চাষি মোদাশ্বের মল্লিকসহ অনেকে।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম উদ্দিন, বিএনপি নেতা সালাম শেখ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান লাচ্চু, উপজেলা এনসিপির সভাপতি মো. মিজানুর রহমানসহ বিভিন্ন মৎস্য ব্যবসায়ী ও চাষিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চারজন সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়। পরে উপজেলা সরকারি পুকুরে মৎস্যজীবীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে তারা মৎস্য সম্পদের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।