দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় নৌপরিবহন মন্ত্রীকে পৌর বিএনপির সংবর্ধনা

22

মোংলা :

নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বর্তমান সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। দেশের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন, জনগণের কাছে দায়বদ্ধতা এবং জনআকাঙ্ক্ষার বাস্তবায়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি বলেন, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে আগামী অক্টোবর মাসে কাজ শুরু হবে। এর মাধ্যমে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী আরও বলেন, মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন স্থাপন করা হবে। সেখান থেকে প্রায় ২৩ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে মোংলায় গ্যাস আনা হবে। ওই গ্যাস ব্যবহার করে মোংলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, মোংলা বন্দরকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। চট্টগ্রাম বন্দরকে ছাড়িয়ে যেতে মোংলা বন্দরের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নতুন জেটি নির্মাণ, কোল্ড স্টোরেজ স্থাপন এবং মোংলাকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

রোববার বিকেলে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর মোংলায় আগমন উপলক্ষে মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী এ সংবর্ধনার আয়োজন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম.এ. সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।