দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় কেডিএর সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময় সভা

29

মোংলা :

মোংলা পোর্ট পৌরসভা ও উপজেলার সাধারণ মানুষের সঙ্গে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সেবা এবং মাস্টারপ্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি, মোংলা বন্দর স্টিভেডর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ মো. জুলফিকার আলী। এছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, বিএনপি নেতা খোরশেদ আলম, রিপন হোসেন ইমান, আব্দুল কাদের তালুকদার, আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম ব্যাপারী ও মো. রফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় নাগরিকরা মোংলার বিভিন্ন উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত এবং উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, মোংলা নদীর পাড় পাকা করে বাঁধ নির্মাণের মাধ্যমে এলাকাটিকে বিনোদন উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মোংলায় সুপেয় পানির সংকট নিরসনে নতুন পানির প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ফয়লা-খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি এবার বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে বলে তারা আশাবাদী। মোংলার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে কেডিএ কাজ করবে বলেও জানান তিনি।